প্রেক্ষাগৃহে মুক্তির ৭ সপ্তাহ পার হয়ে গেলেও ভারতীয় সিনেমা ‘হনুমান অংশ’-এর আয়ের জোয়ার থামেনি। সিনেমাটি মুক্তির ৪৯তম দিনে এসেও বক্স অফিস থেকে আয় করেছে ২ কোটি ৩০ লাখ রুপি। সব মিলিয়ে এই ৪৯ দিনে কেবল ভারত থেকেই ছবিটির নিট আয় দাঁড়িয়েছে প্রায় ২৮৭ কোটি রুপি।
ইন্ডিয়ান বক্স অফিসের তথ্য অনুযায়ী, ৪৯তম দিনে ভারতে প্রায় ৫ হাজার ২৮৩টি শো চলেছে সিনেমাটির। এদিন দুপুরে সিনেমাটির হিন্দি ভাষার ২ডি শো দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের বেশ ভালো উপস্থিতি ছিল।
ছবিটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত সারা দেশ থেকে নিট আয় করেছে ২৮৬ কোটি ৯৮ লাখ রুপি। আর করসহ টিকিট বিক্রির মোট আয় (গ্রস কালেকশন) দাঁড়িয়েছে প্রায় ৩৩৮ কোটি ৯২ লাখ রুপিতে। মুক্তির সপ্তম সপ্তাহে এসেও সিনেমাটির ব্যবসায় কোনো মন্দা দেখা যায়নি। শেষ সাত দিনেই (৪৩ থেকে ৪৯তম দিন) এটি আয় করেছে প্রায় ৪৩ কোটি ৬০ লাখ রুপি।
সপ্তম সপ্তাহের আয়ের চিত্র ছিল চোখ ধাঁধানো। ছবিটির ৪৩তম দিনে ৫ কোটি, ৪৪তম দিনে ৯ কোটি ৭৫ লাখ এবং ৪৫তম দিনে আয় বেড়ে হয় ১৩ কোটি ৭৫ লাখ রুপি। এরপর ৪৬তম দিনে ৪ কোটি ১৫ লাখ, ৪৭তম দিনে ৪ কোটি ৯০ লাখ, ৪৮তম দিনে ৩ কোটি ৭৫ লাখ এবং ৪৯তম দিনে ২ কোটি ৩০ লাখ রুপি ব্যবসা করেছে সিনেমাটি।
উল্লেখ্য, বিখ্যাত আধ্যাত্মিক সাধক নিম করোলি বাবার জীবন, দর্শন ও শিক্ষাকে ভিত্তি করে নির্মিত হয়েছে ‘হনুমান অংশ’। এই সিনেমায় অভিনয় করেছেন শোভিনাও সত্যা, ভিহান শেডগে, চন্দন আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, অনিল কে রাস্তোগি ও গুলশান পাণ্ডে।