বিয়ন্সেকে টপকে ভিএমএসের সর্বোচ্চ পুরস্কারজয়ী টেলর সুইফট

মার্কিন পপ তারকা টেলর সুইফট এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) ইতিহাসে সর্বোচ্চ পুরস্কার অর্জনের নতুন রেকর্ড গড়েছেন। 

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের জমকালো আসরে বিশেষ সম্মাননা গ্রহণের মাধ্যমে তার অর্জিত মোট পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩-এ। এর মাধ্যমে ভিএমএ-এর মূল আসরে ৩১টি এবং সব মিলিয়ে ৩৩টি ট্রফি জয়ের গৌরব অর্জন করলেন তিনি।

দীর্ঘদিন ৩০টি পুরস্কার নিয়ে তালিকায় শীর্ষে থাকা প্রখ্যাত সংগীত তারকা বিয়ন্সেকে পেছনে ফেলে সুইফট এই অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। কেবল সংগীত নয়, মিউজিক ভিডিও নির্মাণ ও ভিজ্যুয়াল গল্প বলার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এবার বিশেষ সম্মাননা প্রদান করা হয়। 

পুরস্কার গ্রহণকালে সুইফট ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মিউজিক ভিডিওর ঐতিহ্য ধরে রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সুইফটের নিজস্ব পরিচালনায় নির্মিত নতুন গান ‘পেশেন্ট জিরো’-এর মিউজিক ভিডিও প্রথমবারের মতো প্রিমিয়ার করা হয়, যেখানে অভিনয় করেছেন ডাকোটা জনসন ও কলিন ফ্যারেল। 

এছাড়া তার জনপ্রিয় গান ‘দ্য ফেট অব অফেলিয়া’-এর জন্য তিনি লাভ করেন মর্যাদাপূর্ণ ‘বর্ষসেরা ভিডিও’ পুরস্কার। প্রায় দুই দশকের সংগীতজীবনে ৬০টি ভিডিওর মধ্যে ১৮টি ভিডিও সুইফট নিজে পরিচালনা করেছেন।