ঘোষণা দিলেও অক্টোবরে আসছে না ‘আন্ধার’

অক্টোবরে মুক্তির ঘোষণা থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে আসছে না রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’। সম্পাদনাজনিত কারণ দেখিয়ে এবার সিনেমাটির মুক্তি পিছিয়েছেন এর নির্মাতা।


 
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় জানানো হয়েছে, আগামী বছর ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ‘আন্ধার’। এর আগে একটি টিজার প্রকাশ করে অক্টোবরে সিনেমাটি মুক্তির কথা জানানো হয়েছিল। তবে পোস্ট প্রডাকশনের কাজ বাকি থাকায় নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে গুঞ্জন তৈরি হয়। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো।

মুক্তি পিছিয়ে দেওয়ার কারণ জানিয়েছেন নির্মাতা। তার ভাষ্য, চাইলে আগামী ১৬ অক্টোবরই সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব। তবে তাতে ভিএফএক্সের মান নিয়ে আপস করতে হতে পারে। আর সিনেমার ক্ষেত্রে এমন কোনো ছাড় দিতে চান না তিনি।

রায়হান রাফী বলেন, চাইলে অক্টোবরে সিনেমা রিলিজ করতে পারব, ১৬ অক্টোবরেই পারব। সে ক্ষেত্রে হয়তো ভিএফএক্স খারাপ হবে। কিন্তু আমি কোনোভাবেই ছাড় দিতে চাই না। তাই অক্টোবর কিংবা ডিসেম্বর নয়, আগামীতে ঈদ ছাড়াই ২৬ মার্চ ‘আন্ধার’ রিলিজ করব।

২২১বি ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আন্ধার’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। আরো রয়েছেন মোস্তফা মনোয়ার, ফারুক রেহানসহ অনেকে।