ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের একটি সাম্প্রতিক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে আগে সরব হতে দেখা গেলেও, এবারের পোস্টটি সরাসরি ক্ষমতাসীন দলকে ইঙ্গিত করে লেখা কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অরিজিতের একটি ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে সাম্প্রতিক এ বার্তাটি প্রকাশিত হয়। এর আগেও দিল্লিতে প্রশ্নপত্র ফাঁস, সরকারি কর্মকর্তাদের ভূমিকা কিংবা বাংলাভাষীদের অধিকারের মতো বিষয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেছিলেন এই শিল্পী।
সঙ্গীত জগতে স্থায়ী আসন গড়লেও দীর্ঘদিন ধরেই অরিজিতের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নানা জল্পনা চলছে। এমন প্রেক্ষাপটে তার এই নতুন বার্তা পুরো ঘটনায় এক ভিন্ন মাত্রা যোগ করেছে।
‘হু অ্যাম আই’ নামের ওই অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি? গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান। গেরুয়াময় হয়েছে আমার প্রাণ।”
বার্তাটি প্রকাশ্যে আসতেই এর অন্তর্নিহিত অর্থ নিয়ে জোর চর্চা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনদের একাংশের মতে, বর্তমান রাজনৈতিক পরিবেশ, সাম্প্রতিক নির্বাচন ও নির্বাচন কমিশনকে ঘিরে তৈরি বিতর্কের দিকেই ইঙ্গিত করেছেন গায়ক।
ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে ‘গেরুয়া শিবির’ বলতে সাধারণত ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) নির্দেশ করা হয়। দলটির দলীয় পতাকা ও রাজনৈতিক প্রচারে গেরুয়া রঙের আধিক্য থাকায় গণমাধ্যমেও এই শব্দটি বহুল প্রচলিত।
তবে এই বার্তার মাধ্যমে অরিজিৎ সিং ঠিক কাকে ইঙ্গিত করেছেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দেননি। গায়কের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না আসা পর্যন্ত তার উদ্দেশ্য নিয়ে স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।