মুম্বাইয়ে বিক্ষোভ থেকে বলিউড তারকা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত আন্দোলন থেকে বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। তিনি খ্যাতনামা বলিউড তারকা আমির খানের ভাগ্নে।

শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। সেখানে অংশ নিয়ে প্রতিবাদ জানানোর পর পুলিশ তাকে আটক করে প্রিজন ভ্যানে নিয়ে যায়।

আটক অবস্থায় পুলিশের গাড়ির ভেতর থেকে নিজেই একটি ছবি প্রকাশ করেন ইমরান খান। ছবিতে দেখা যায়, আটক হওয়া সত্ত্বেও তিনি বেশ শান্ত ও আতঙ্কমুক্ত রয়েছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আজাদ ময়দানের কাছে পুলিশি অভিযানে আটক প্রায় ৪০০ প্রতিবাদকারীর মধ্যে এই বলিউড তারকাও ছিলেন। তবে তাকে সুনির্দিষ্ট কোন অভিযোগে আটক করা হয়েছে কিংবা পরবর্তীতে ছাড় পেয়েছেন কি না, তা জানা যায়নি।

এদিকে কেন্দ্রীয় সরকারের বাধা ও পুলিশি গ্রেফতারের মুখেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির নেতা অজিঙ্ক শিন্ডে জানান, তারা রোববারে দিল্লির যন্তর মন্তরের দিকে পুনরায় পদযাত্রা শুরু করবেন।

সিজেপির অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শিন্ডে দাবি করেন, বর্তমান মোদি সরকার আন্দোলন দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। বিরোধীরা ঐক্যবদ্ধ হলে ক্ষমতার গদি টিকিয়ে রাখা সরকারের জন্য কঠিন হবে।

তিনি আরও স্পষ্ট করেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে তাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। এক্স হ্যান্ডলের এই বার্তার সাথে একটি সংক্ষিপ্ত ভিডিও সংযুক্ত করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস