পুরোনো মামলায় রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২০১০ সালের একটি পুরোনো মামলায় নতুন করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বারবার নোটিশ দেওয়ার পরও আদালতে হাজির না হওয়ায় উত্তরপ্রদেশের ঝাঁসির একটি আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঝাঁসির প্রেম নগরের বাসিন্দা লক্ষ্মণ পারিবারিক বিরোধের জেরে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘রাখি কা ইনসাফ’-এ অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন রাখি সাওয়ান্ত।

অভিযোগ রয়েছে, ওই অনুষ্ঠানে লক্ষ্মণকে উদ্দেশ করে বেশ কিছু অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেছিলেন রাখি। এমনকি তাঁকে ‘নপুংসক’ বলেও কটাক্ষ করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। এসব মন্তব্যের কারণে লক্ষ্মণ মানসিকভাবে বিপর্যস্ত হন এবং সামাজিক হেনস্থার শিকার হন বলে মামলায় দাবি করা হয়েছে।

২০১০ সালের নভেম্বর মাসে লক্ষ্মণের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর পর তাঁর মা সাবিত্রী প্রেম নগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১০ সালের অক্টোবরে প্রচারিত অনুষ্ঠানটির একটি পর্বে রাখি তাঁর ছেলের বিরুদ্ধে অপমানজনক ও আপত্তিকর ভাষা ব্যবহার করেছিলেন।

এ ঘটনায় রাখি সাওয়ান্তসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগে মামলা করা হয়।

মামলার পরবর্তী কার্যক্রমে রাখিকে সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে বলা হয়েছিল। তবে একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি আদালতে উপস্থিত হননি বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার বিচারক তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।