মুক্তির আগেই ১০ কোটি আয়ের পথে ‘রামায়ণ’

মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলতে শুরু করেছে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ। মুক্তির এখনো প্রায় দুই সপ্তাহ বাকি থাকলেও অগ্রিম বুকিংয়ে ছবিটির আয় ইতিমধ্যে ১০ কোটির কাছাকাছি পৌঁছেছে বলে খবর।

ট্রেড বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, ৫ নভেম্বর মুক্তির প্রথম দিনের জন্য এখন পর্যন্ত ৮ কোটি ১৬ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছে। তবে এই আয়ের একটি অংশ নির্মাতাদের পক্ষ থেকে আগে থেকেই সংরক্ষিত বা বিশেষ কারণে বরাদ্দ রাখা আসনের। সেগুলো বাদ দিলে সাধারণ দর্শকদের কাছ থেকে টিকিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ১৫ লাখ রুপি।

অগ্রিম বুকিংয়ের হিসাবে, মুক্তির প্রথম দিনে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটির জন্য নির্ধারিত হয়েছে ৩ হাজার ৯৪৪টি প্রদর্শনী। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ আসন পূর্ণ হয়েছে বলে জানা গেছে। শহরভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে।

দর্শকদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে টিকিটের দামও। মুম্বাইয়ে দুপুর ও সন্ধ্যার প্রদর্শনীর জন্য টিকিটের দাম উঠেছে সর্বোচ্চ ৩ হাজার ১৭০ রুপি পর্যন্ত। তবে এই দাম মূলত ৫, ৬ ও ৭ নভেম্বরের হেলান দেওয়া বিশেষ আসন বা রিক্লাইনার সিটের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ আসনের টিকিটের দাম তুলনামূলকভাবে নাগালের মধ্যেই রয়েছে।

প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট দৈর্ঘ্যের এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। অগ্রিম বুকিংয়ের এই প্রবণতা অব্যাহত থাকলে মুক্তির প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে বড় সাফল্যের ইঙ্গিত দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।