সিনেমার গানে সুরের জাদু ছড়ালেও মঞ্চে উঠে দর্শকের সামনে গান পরিবেশন করা একসময় ভীষণ কঠিন মনে হতো এ আর রহমানের কাছে। ভয় এতটাই ছিল যে মঞ্চে দাঁড়ালে তার মনে হতো, যেন মৃত্যুর মুখোমুখি হয়েছেন। সময়ের সঙ্গে সেই ভয় কাটিয়ে আজ বিশ্বের নানা প্রান্তে বড় আয়োজনে সংগীত পরিবেশন করছেন অস্কারজয়ী এই ভারতীয় সুরকার।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মঞ্চে গান পরিবেশনের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরেন রহমান। তিনি বলেন, ‘একসময় মঞ্চে দাঁড়িয়ে আমার মনে হতো, যেন মৃত্যুকে দেখছি। আমি ভীষণ ভয় পেতাম!’
১৯৯৬ সালে মালয়েশিয়ায় প্রথম লাইভ পারফরম্যান্সের মধ্য দিয়ে শুরু হয়েছিল তার এই যাত্রা। সেখান থেকে তিন দশকের পথ পেরিয়ে এখন যুক্তরাষ্ট্রে সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে সংগীত পরিবেশনের পাশাপাশি ‘ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর মতো বড় আয়োজনেও অংশ নিচ্ছেন তিনি। রহমান বলেন, ১৯৯৬ সালে মালয়েশিয়ায় আমার প্রথম পারফরম্যান্স থেকে এখন পর্যন্ত ৩০ বছর পেরিয়ে গেছে। এখন আমরা নানা ধরনের আয়োজন করছি- যুক্তরাষ্ট্রে সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে পরিবেশনা এবং ‘ওয়ান্ডারমেন্ট’, যা বড় পরিসরের একটি বিনোদনমূলক আয়োজন।
তবে স্টুডিওতে তৈরি করা সংগীত মঞ্চে পরিবেশন করার মতো করে সাজানো সহজ ছিল না। রহমানের সুরের ধরন ছিল অন্যদের চেয়ে আলাদা। ফলে মঞ্চে সংগীতশিল্পীদের পক্ষে তার সুরের বিশেষত্ব বুঝে তা ঠিকভাবে পরিবেশন করতে সময় লেগেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার সংগীতের ধরন এতটাই আলাদা ছিল যে মঞ্চে থাকা শিল্পীদের জন্য তা নিজেদের মতো করে পরিবেশন করা কঠিন ছিল। সুরের মূল কাঠামো ঠিক রেখে নতুন কিছু যোগ করতে পারবেন, এমন উপযুক্ত শিল্পী খুঁজে পাওয়াও ছিল গুরুত্বপূর্ণ। তার ভাষ্য, তাই সবকিছুকে মঞ্চে উপস্থাপন করার মতো করে তুলতে, সঠিক ধরনের সংগীতশিল্পী খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। তারা যেন কয়েক মাসের পরিশ্রমে তৈরি সংগীতকে নষ্ট না করে, বরং তাতে নতুন কিছু যোগ করেন; সেটিই চেয়েছিলাম।
এদিকে ‘ওয়ান্ডারমেন্ট ট্যুর’ নিয়ে ভারতের মুম্বাই ও দিল্লিতে দর্শকদের সামনে হাজির হচ্ছেন রহমান। আগামী ১ নভেম্বর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেন এবং ২১ নভেম্বর দিল্লির ব্যাকইয়ার্ড স্পোর্টস ক্লাবে পারফর্ম করবেন তিনি। তিন ঘণ্টার এই আয়োজনে নব্বইয়ের দশকের জনপ্রিয় সুরের পাশাপাশি থাকবে তার সাম্প্রতিক সময়ের সংগীতও। অন্যদিকে রহমানের পরবর্তী কাজের তালিকায় রয়েছে ‘রামায়ণ’। এই সিনেমায় প্রথমবারের মতো হলিউডের সুরকার হ্যান্স জিমারের সঙ্গে কাজ করেছেন তিনি। আগামী ৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।