অনলাইন সংবাদমাধ্যমে চটকদার শিরোনাম এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
মূল ঘটনা আড়াল করে কেবল সস্তা জনপ্রিয়তা ও ভিউ পাওয়ার আশায় একশ্রেণির মানুষ এমন অপসাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
বর্তমানে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন দীঘি। নিজের অর্জিত শিক্ষার কথা উল্লেখ করে তিনি জানান, সাংবাদিকতার মূল নীতিই হলো কাউকে হেয় বা ক্ষতিগ্রস্ত না করা।
অথচ বর্তমানে সংবেদনশীল শিরোনাম ও বিভ্রান্তিকর ক্যাপশন দিয়ে খবরের আসল সত্যটাই বদলে দেওয়া হচ্ছে।
গণমাধ্যমের প্রতি সবসময়ই অগাধ শ্রদ্ধা রয়েছে এই অভিনেত্রীর। তার পরিবার ও পরিমণ্ডলের অনেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকায় এই অপেশাদার চর্চা তাঁকে গভীরভাবে ব্যথিত করে।
মোবাইল ক্যামেরায় ধারণ করা ভিডিও খণ্ডিতভাবে প্রচার এবং সাক্ষাৎকারের অপ্রাসঙ্গিক অংশ কেটে ভিউ বাণিজ্যের তীব্র সমালোচনা করেন দীঘি।
তাঁর মতে, এসব বিভ্রান্তিকর কনটেন্ট দিন দিন সাধারণ পাঠক ও দর্শকদের মারাত্মকভাবে বিভ্রান্ত করছে।
২০০৬ সালে শিশুশিল্পী হিসেবে ‘কাবুলিওয়ালা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে প্রার্থনা ফারদিন দীঘির। ২০১২ সাল পর্যন্ত দীর্ঘ বিরতির আগে তিনি মোট ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করেন।
পরবর্তীতে পড়াশোনা শেষ করে নায়িকা হিসেবে রূপালী পর্দায় ফেরেন তিনি। গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমা দিয়ে আবারও আলোচনায় আসেন এই তারকা। বর্তমানে তাঁর অভিনীত ‘বিদায়’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।