সাংবাদিকদের প্রতিবাদের মুখে অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, ফোন কেড়ে নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক পোস্ট ঘিরে বিতর্কের জেরে চট্টগ্রামের একটি ফ্যাশন অনুষ্ঠানের অতিথি তালিকা থেকে বাদ পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। সাংবাদিকদের প্রতিবাদ, বয়কট ও প্রতিহতের ঘোষণার মুখে আয়োজকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’। অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাংবাদিকের সঙ্গে পরীমনির সাম্প্রতিক ঘটনার আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। এ সিদ্ধান্তের পর নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে পরীমনি লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ পোস্টারটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আয়োজকদের অতিথি নির্বাচন পুনর্বিবেচনার আহ্বান জানান।

একটি জাতীয় দৈনিকের চট্টগ্রাম প্রতিনিধি পোস্টারটি শেয়ার করে সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসার আহ্বান জানান। অন্যথায় আয়োজকদের বিকল্প অতিথি খোঁজার পরামর্শ দেন তিনি। পরে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়।

বিতর্কের সূত্রপাত গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে। পরীমনি ও তার দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের অভিযোগ, ভিডিও ধারণের সময় পরীমনি তার ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোন ফিরিয়ে নেন।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির একটি পোস্ট নিয়েও সমালোচনা শুরু হয়। আদালত থেকে বের হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি শব্দের একটি আপত্তিকর ও আক্রমণাত্মক পোস্ট দেন তিনি। কাকে উদ্দেশ করে পোস্টটি দেওয়া হয়েছে, তা স্পষ্ট না হলেও অল্প সময়ের মধ্যে এতে হাজার হাজার রিয়্যাকশন পড়ে। তবে মন্তব্যের ঘর বন্ধ থাকায় অনুসারীরা সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারেননি।