ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমনি ফের এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন। গত রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে গুলশান শুটিং ক্লাবের একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
রাত পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়ার্ড ফেইসবুক পেজ থেকে লাইভে এসে এই অভিযোগ করেন এই অভিনেত্রী। তার দাবি, অনুষ্ঠান শেষে তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে।
অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও স্টল ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও লাইভে জানান পরীমনি। শিল্পীদের নিরাপত্তা ও এমন আচরণের দায় কে নেবে—সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে গুলশান থানার ওসি জায়েদ নূর জানান, সামান্য একটি সমস্যা হয়েছিল যা দ্রুত সমাধান করা হয়েছে এবং পরীমনি নিরাপদে বাসা ফিরে গেছেন। তবে গাড়ি বা স্টল ভাঙচুরের কোনো সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে নেই বলে তিনি উল্লেখ করেন।