দীর্ঘ বিরতি শেষে ফিরছে ‘মিরাক্কেল’, শুরু অডিশন

দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও টেলিভিশনের পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছে আয়োজক কর্তৃপক্ষ। প্রতিযোগী বাছাইয়ের জন্য ইতিমধ্যে অডিশনে অংশ নিতে আগ্রহীদের আহ্বান জানানো হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে অনুষ্ঠানটির নতুন মৌসুম।

একসময় মীরের উপস্থাপনায় ‘মিরাক্কেল’ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দর্শকপ্রিয়তার পাশাপাশি টিআরপি তালিকাতেও ভালো অবস্থানে ছিল অনুষ্ঠানটি। এই আয়োজনের মাধ্যমে পরিচিতি পাওয়া অনেক প্রতিযোগী পরবর্তী সময়ে বিনোদনজগতে নিজেদের জায়গা করে নেন। তবে গত পাঁচ বছর ধরে অনুষ্ঠানটির নতুন কোনো মৌসুম প্রচারিত হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মৌসুমের প্রচারঝলক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সব বয়সী কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।

ভারতীয় গণমাধ্যমকে অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ‘মিরাক্কেল’-এর নতুন মৌসুমের প্রচার শুরু হতে পারে। তবে এবার বিচারকের আসনে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

পুরোনো বিচারকদের মধ্যে পরান বন্দ্যোপাধ্যায়কে আবারও দেখতে চান অনেক দর্শক। এ ছাড়া আগের মৌসুমের কয়েকজন সদস্য ও মেন্টরকে নতুন আয়োজনে যুক্ত করার সম্ভাবনাও রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।

শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ভাষ্য, বর্তমান সময়ে টেলিভিশনের কোনো অনুষ্ঠানের দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাই অনুষ্ঠান নির্মাণের প্রতিটি পর্যায়ে বিষয়বস্তু ও নিয়মকানুন নিয়ে সতর্ক থাকতে হয়। এতে নির্মাণসংশ্লিষ্টদের ওপর বাড়তি চাপ তৈরি হলেও নতুন মৌসুম নিয়ে আশাবাদী তিনি। দীর্ঘ বিরতির পরও ‘মিরাক্কেল’ দর্শকদের আগের মতো আনন্দ দিতে পারবে বলে প্রত্যাশা করছেন পরিচালক।