স্ত্রীকে হারানোর শোক নিয়ে সিনেমা ‘হাওয়ার গাড়ি’

প্রিয় মানুষকে হারানোর শোক অনেক সময় মানুষকে ভেতর থেকে বদলে দেয়। সেই বেদনা থেকেই কেউ খুঁজে নেন নতুন করে বেঁচে থাকার প্রেরণা, কেউ আবার নিজের অনুভূতিকে রূপ দেন শিল্পে। স্ত্রীকে ক্যানসারে হারানোর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবার সিনেমা নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা সোহেল রহমান।

তার নতুন সিনেমার নাম ‘হাওয়ার গাড়ি’। ঢাকার খেটে খাওয়া মানুষের জীবনসংগ্রাম, ক্যানসারের সঙ্গে লড়াই, আশা-ভালোবাসা এবং কান্না-হাসির গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। সিনেমাটির ফাইনাল কাটের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন বছরের শুরুতেই এটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। 

ভিলা দু সিনেমার ব্যানারে নির্মিত ছবিটির চিত্রনাট্য, প্রযোজনা, সম্পাদনা ও পরিচালনার দায়িত্বও পালন করেছেন সোহেল রহমান। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন- চিত্রলেখা গুহ, ফজলুল হক, আয়মন শিমলা, ইয়াশফা তাসনিয়া মল্লিক, ওমর ফারুক, থ্রিধা পাল মান ও শব্দ।

‘হাওয়ার গাড়ি’ নির্মাণের পেছনে রয়েছে নির্মাতার জীবনের এক বেদনাবিধুর অধ্যায়। বিয়ের মাত্র এক মাস পর তার স্ত্রীর ক্যানসার ধরা পড়ে। এরপর প্রিয় মানুষটিকে বাঁচাতে ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রায় এক বছর চিকিৎসার জন্য লড়াই করেন তিনি। কিন্তু চলতি বছরের মার্চে ক্যানসারের কাছে হার মানেন তার স্ত্রী। সেই ব্যক্তিগত শোক ও অভিজ্ঞতার সঙ্গে ছবির গল্পের কিছু মিল থাকলেও নির্মাতার ভাষ্য, এটি মূলত ঢাকা শহরের অসংখ্য সংগ্রামী মানুষের জীবনের গল্প।

ছবির প্রায় সব চরিত্রই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলে। জীবনের যুদ্ধে ক্ষতবিক্ষত হয়েও তারা মাথা উঁচু করে বেঁচে থাকার চেষ্টা করে। মানুষের এই লড়াই, ভালোবাসা, আশা এবং হারানোর বেদনা উঠে এসেছে সিনেমাটিতে। ইতোমধ্যে দেশ-বিদেশের কয়েকজন চলচ্চিত্রবোদ্ধা ছবিটির ফাইনাল রাফ কাট দেখেছেন। তাদের কেউ কেউ সিনেমাটিকে ‘হার্টটাচিং ও পাওয়ারফুল’ বলে মন্তব্য করেছেন বলে জানিয়েছেন নির্মাতা।

‘হাওয়ার গাড়ি’ নিজের প্রয়াত স্ত্রীর স্মৃতির উদ্দেশে উৎসর্গ করেছেন সোহেল রহমান। একই সঙ্গে স্ত্রীর নামে প্রক্রিয়াধীন ডা. সামরিনা তানহা ক্যানসার ফাউন্ডেশনের কার্যক্রম এবং ক্যানসার সচেতনতা বৃদ্ধিতেও সিনেমাটি ভূমিকা রাখবে বলে আশা করছেন তিনি। নির্মাতার বিশ্বাস, ব্যক্তিগত বেদনা থেকে জন্ম নেওয়া এই সিনেমা শুধু ক্যানসার সচেতনতা নয়, দেশের চলচ্চিত্রে একটি ভিন্নধর্মী ও মৌলিক সংযোজন হিসেবেও বিবেচিত হবে। পাশাপাশি তরুণ নির্মাতাদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে ‘হাওয়ার গাড়ি’।