ঢাকার কনসার্টে শাকিরা

বাংলাদেশে আন্তর্জাতিক সংগীত তারকাদের নিয়ে বড় আয়োজনের ধারাবাহিকতায় এবার কলম্বিয়ান গায়িকা শাকিরা ইসাবেলকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। আয়োজকদের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিল মাসে রাজধানীর আর্মি স্টেডিয়ামে হতে পারে এই কনসার্ট।

শুক্রবার রাতে ঢাকার মাদানি অ্যাভিনিউয়ে রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়ার পরিবেশনা শেষে নতুন এই আয়োজনের পরিকল্পনার কথা জানান নাঈম আশরাফ। তাঁর ঘোষণার পর ঢাকায় শাকিরার সম্ভাব্য পরিবেশনা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

 কনসার্ট আয়োজনের সম্ভাব্য সময় ও ভেন্যুর কথা জানানো হলেও শাকিরার সঙ্গে চুক্তি, সফরের চূড়ান্ত তারিখ কিংবা আনুষ্ঠানিক নিশ্চয়তার তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তাঁর পক্ষ থেকেও বাংলাদেশে আসার বিষয়ে কোনো ঘোষণা পাওয়া যায়নি।

এ ছাড়া টিকিটের মূল্য, বিক্রির সময় এবং কনসার্টের অন্যান্য আয়োজন সম্পর্কে বিস্তারিত জানায়নি আয়োজক প্রতিষ্ঠান। ফলে শাকিরার ঢাকায় আসার বিষয়টি আপাতত আয়োজকদের পরিকল্পনা পর্যায়েই রয়েছে।

কলম্বিয়ার সংগীতশিল্পী শাকিরা আন্তর্জাতিক পপ সংগীতের অন্যতম পরিচিত শিল্পী। লাতিন সংগীতের সঙ্গে পপ ও বিভিন্ন ধারার সংগীতের মিশ্রণে নিজস্ব পরিবেশনা শৈলী তৈরি করেছেন তিনি। ‘হিপস ডোন্ট লাই’, ‘ওয়াকা ওয়াকা’ ও ‘শি উলফ’-এর মতো গান তাঁকে আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে।

বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের আনুষ্ঠানিক গান ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করে। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য পুরস্কার ও আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন এই শিল্পী।

আয়োজকদের পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০২৭ সালের এপ্রিলে ঢাকার মঞ্চে শাকিরার পরিবেশনা দেখার সুযোগ পেতে পারেন বাংলাদেশের সংগীতপ্রেমীরা।