ঢাকায় চীনা বসন্ত উৎসব

ঢাকায় হয়ে গেল চীনা বসন্ত উৎসব। বিচিত্র পরিবেশনায় ছড়িয়ে গেল প্রাণের উচ্ছ্বাস। যেখানে মেলবন্ধন ঘটলো দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের।

বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চীন দূতাবাসের যৌথ আয়োজনে ‘ভয়েসেস অব স্প্রিং: গোল্ডেন ড্রিমস’ শীর্ষক এ উৎসব অনুষ্ঠিত হয়।

চীনের নতুন বর্ষ উদযাপন উপলক্ষে এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রদূত, সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মণি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও চীনের নতুন বর্ষবরণ উপলক্ষ্যে দুই দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। জাঁকজমকপূর্ণ আয়োজন উপভোগ করেন অতিথি ও দর্শকরা।

চীনা শিল্পীদের অ্যাক্রোবেটিক পরিবেশনার সঙ্গে উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে বাংলাদেশের শিল্পীদের লোকনৃত্য পরিবেশনা।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বসন্তের মাধ্যমে চীনা বর্ষপঞ্জি শুরু হয়। সেটি বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও আয়োজন করা হয়। চীন ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক আগামী দিনে আরও বেশি গুরুত্ববহ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।