ফেসবুকে বিবাহবিচ্ছেদের ঘোষণা আরিফিন শুভর

অভিনেতা আরিফিন শুভ স্ত্রী অর্পিতা সমাদ্দারের সাথে তার বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছেন। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তার বিবাহ বিচ্ছেদের কথা জানান। জানা গেছে, তাদের বিচ্ছেদ হয়ে গেছে ২০ জুলাই।

অর্পিতা ও আরিফিন শুভর বিয়ে হয় ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি। ছবি: সংগৃহীত

ফেসবুকে আরিফিন লিখেছেন, ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি। তারপরেও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা, আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি। জীবনসঙ্গী হিসাবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।’

বিচ্ছেদ হলেও শুভ তার স্ত্রী অর্পিতা সমাদ্দারের কাছে কৃতজ্ঞ বলেও জানিয়েছেন। লিখেছেন, ‘আমার এবং আমার মায়ের জন্য অর্পিতা যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর সুস্থভাবে বাঁচতে পারব।’