‘গোপন কথা ভাগাভাগি করে রোমাঞ্চিত বোধ করছি’

আমেরিকান পপ সেনসেশন ব্রিটনি স্পিয়ার্সের জীবন নানা বৈচিত্র্যে ঘেরা। তার বৈচিত্র্যেময় জীবন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। এর আগে তিনি জীবনের অনেক কিছুই তুলে ধরেছেন আত্মজীবনী ‘দ্য উইমেন ইন মি’ বইয়ে। গত বছরের ২৪ অক্টোবর প্রকাশিত হওয়ার পর বেস্টসেলার হয়েছিল বইটি। সেই বই থেকে এবার নির্মিত হচ্ছে চলচ্চিত্র।

বায়োপিক প্রসঙ্গে এক্সে  ব্রিটনি লিখেছেন, গোপন এই প্রজেক্টের কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে খুবই রোমাঞ্চিত বোধ করছি। সঙ্গে থাকুন।

‘দ্য ওম্যান ইন মি’ বইটি কেবল যুক্তরাষ্ট্রেই ২৫ লাখের বেশি কপি বিক্রি হয়। বহুল চর্চিত এই বইয়ের স্বত্ব কিনে নিয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স।

বইটিতে ব্রিটনির তারকা হয়ে ওঠার গল্প যেমন উঠে এসেছে, তেমনি জায়গা পেয়েছে বাবার অভিভাবকত্বে থাকার সময়ে তাঁর মানসিক অবস্থার বয়ানও। সৎভাবে সম্পর্ক, নিজের আত্ম–উপলব্ধি তুলে ধরার জন্যও প্রশংসিত হয়েছেন গায়িকা। জানা গেছে, সিনেমাটিতেও থাকবে এসব প্রসঙ্গ।