কারিনার মৃত্যুর গুজব, বাবার ক্ষোভ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুর খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্যকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তার বাবা এবং জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি খেলোয়াড় কায়সার হামিদ। বর্তমানে ভারতের চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে কারিনার চিকিৎসা চলছে।

শুক্রবার (১৫ মে) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কায়সার হামিদ এই অপপ্রচারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। 

তিনি বলেন, ‘মৃত্যুর মতো একটি স্পর্শকাতর বিষয় নিয়ে এ ধরনের ব্যবসা বা গুজব ছড়ানো ঠিক নয়। আমাদের পরিবার এমনিতেই কারিনার স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগের মধ্যে আছে। এ মুহূর্তে সবার মানসিক সাপোর্ট প্রয়োজন, কিন্তু এসব মিথ্যা খবর আমাদের আরও মানসিকভাবে বিপর্যস্ত করছে।’

কারিনার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, ‘কারিনার ফুসফুসের সংক্রমণ এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ফুসফুস পুরোপুরি রিকভারি করার পর লিভারের মূল চিকিৎসা শুরু হবে।’

তিনি আরও জানান, লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং দাতা হিসেবে তার দুই ছেলের প্রয়োজনীয় কিছু টেস্ট সম্পন্ন হয়েছে।

এর আগে, গত ৯ মে কারিনার অসুস্থতার কথা জানান আরেক কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। তিনি জানিয়েছিলেন, কারিনা হেপাটাইটিস এ এবং ই-তে আক্রান্ত হয়েছেন, যা থেকে তার লিভার ফেইলর হয়। সংকটাপন্ন অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে।