বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হয়ে ‘সুস্পষ্ট লঘুচাপে’ পরিণত হয়েছে। এর প্রভাবে আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৩ ফেব্রুয়ারি) খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বৃষ্টির আওতা আরও বাড়বে। এদিন ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়াবিদদের মতে, বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এমন অবস্থায় রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।