রাজধানী ঢাকায় বসন্তের আমেজ থাকলেও আজ সকালেই তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। সেইসাথে দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। এতে করে আগের তুলনায় গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এসময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে৷
আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। গতকাল এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২৫ মিনিটে।
অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একইসাথে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।