ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ঢাকায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালটা বেশ স্বস্তিদায়ক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দিনভর রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা বেশি।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

সারাদেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।