শীতের বিদায়ের পর বসন্তের আমেজ কাটতে না কাটতেই প্রকৃতিতে রুদ্র রূপের আভাস মিলছে। চলতি মার্চ মাসেই দেশে আঘাত হানতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। একই সঙ্গে মাসের শেষ দিকে দেশজুড়ে বইতে পারে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যেখানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার শঙ্কা রয়েছে।
রোববার (১ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে মার্চ মাসের এসব আশঙ্কার কথা জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বজ্রসহ ঝড়ের দাপট দেখা দিতে পারে। এ মাসে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। এ ছাড়া মাসের যেকোনো সময় এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ঝড়ের পাশাপাশি এ মাসে তাপমাত্রার পারদও বেশ চড়বে। আবহাওয়া অফিসের বার্তায় বলা হয়েছে, মার্চ মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে এক-দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এসময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা জনজীবনে অস্বস্তি বাড়াতে পারে।
তবে উপকূলবাসীর জন্য স্বস্তির খবর হলো, এ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। এ ছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোতে পানির প্রবাহ স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
সামগ্রিকভাবে মার্চ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। তাই কালবৈশাখী ও বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।