গরমের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিলো আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের সাতটি বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) এক বিশেষ বুলেটিনে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এই তথ্য জানিয়েছেন।
আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই বায়ুমণ্ডলীয় অবস্থার কারণে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা কমে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সে সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
ঋতু পরিবর্তনের এই সময়ে বজ্রঝড়ের প্রবণতা বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে বৃষ্টির সময় সাময়িকভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে, তাই সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।