এপ্রিলজুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আভাস

চৈত্র পেরিয়ে বৈশাখের শুরুতেই রুদ্রমূর্তি ধারণ করতে পারে প্রকৃতি। চলতি এপ্রিল মাসজুড়ে দেশে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি বড় ধরণের সামুদ্রিক দুর্যোগ বা ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, এপ্রিল মাসজুড়ে দেশে ছোট-বড় অন্তত ৬টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৪টি মৃদু (৩৬–৩৭.৯° সে.) থেকে মাঝারি (৩৮–৩৯.৯° সে.) ধরনের তাপপ্রবাহ হতে পারে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এ মাসেই ১ থেকে ২টি ‘তীব্র তাপপ্রবাহ’ (৪০–৪১.৯° সেলসিয়াস) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা জনজীবনে চরম অস্বস্তি তৈরি করতে পারে।

গরমের পাশাপাশি এপ্রিল মাসে বঙ্গোপসাগরে অস্থিরতার পূর্বাভাস দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

তপ্ত আবহাওয়ার মাঝেও এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সাথে সাথে তান্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়। ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি অন্তত ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

তবে আশার কথা হলো, দেশের প্রধান নদ-নদীগুলোতে এ সময়ে পানিপ্রবাহ স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। তীব্র গরম ও ঝড়ের আশঙ্কায় কৃষক ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।