রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপদাহ

টানা কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে রাজধানীবাসীর জন্য স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মাঝে মাঝে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা গেছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে।

এদিকে, সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Rain

এছাড়া ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় কমে আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।