রাতে রাজধানীতে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস

রাতের মধ্যে ঢাকা ও আশপাশ এলাকায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর আজ সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার এক পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছে।

পূর্বাভাস অনুযায়ী, রাতের আকাশে মেঘের আনাগোনা বাড়তে পারে এবং আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির প্রভাবে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে, যা ভ্যাপসা গরম থেকে রাজধানীবাসীকে কিছুটা স্বস্তি দিতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।

গত ছয় ঘণ্টায় রাজধানীতে সামান্য (০.২ মিলিমিটার) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতের বেলা চলাচলের ক্ষেত্রে সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।