সকালের মধ্যে যেসব এলাকায় ঝড়ের শঙ্কা

দেশের ওপর দিয়ে গত কয়েকদিন ধরেই বজ্রসহ বৃষ্টির সঙ্গে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় শুক্রবার সকালের মধ্যে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই আশঙ্কার কথা জানানো হয়।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে তীব্র ঝড় বয়ে যেতে পারে। 

এই সময়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঝড়ের তীব্রতা বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

তীব্র ঝড়ের পূর্বাভাস ছাড়াও ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অঞ্চলগুলোতেও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা থাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অধিদপ্তরের অপর এক বার্তায় জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশের আটটি বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় বয়ে যাবে। 

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে এই ঝড় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসবে। কোনো কোনো স্থানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটারের চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কালবৈশাখীর এই তাণ্ডবের সঙ্গে প্রাণঘাতী বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। আকাশ কালো করে ঝড় শুরু হওয়ার সময় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে থাকার এবং বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

ঝড়ের সময় কালবৈশাখীর চিরাচরিত রূপ হিসেবে শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় ফসলের ক্ষয়ক্ষতির বিষয়েও কৃষকদের সতর্ক করা হয়েছে।