রাজধানী ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে আজ রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় প্রবল বৃষ্টি এবং বজ্রপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ মে দিবাগত রাত ১টার মধ্যে যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়ের আশঙ্কায় উল্লিখিত ১০ অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (Warning Signal No. 2) দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বিধায় সেসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার সকালের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিপজ্জনক বজ্রপাত ও ঝড়ো হাওয়া থেকে বাঁচতে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।