দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে আজ রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হয়েছে:
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে-রংপুর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো আবহাওয়ার কারণে নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার পূর্বাভাসে জানিয়েছেন:
ঢাকা বিভাগ: বিকেল ৩টার পর থেকে রাত ১০টার মধ্যে ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগ: আজ দুপুর ৩টার পর থেকে শনিবার সকাল পর্যন্ত এই দুই বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: বিকেল ৩টা থেকে রাত ১২টার মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি ও রাঙামাটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রংপুর বিভাগ: আজ রাত ১০টার পর থেকে ভোর ৪টার মধ্যে রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যান্য বিভাগ: রাজশাহী ও খুলনায় আজ বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিকেলে বগুড়া ও সিরাজগঞ্জে হালকা বৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগের কিছু জেলায় বিকেল ৩টার পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।