ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়।

আবহাওয়া অফিসের তথ্যমতে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আগামী কয়েক দিনে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, আবার কোথাও তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। হঠাৎ এই ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট অঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।