আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে, ফলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় প্রকাশিত ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, একই সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও আবহাওয়ার পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং দেশের অন্যান্য বিভাগের দু-একটি এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং দেশের অন্যান্য বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে বুধবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে এবং কোথাও কোথাও মৌসুমি আবহাওয়ার প্রভাব স্পষ্ট হয়ে উঠতে পারে।