ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে বজ্রঝড়ের শঙ্কা

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ শোনালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হবে। এর জেরে সারাদেশে তাপপ্রবাহের সঙ্গে হতে পারে সপ্তাহব্যাপী বজ্রঝড়। 

জুন মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে অধিদপ্তর। 

সংস্থাটি জানিয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। ফলে কয়েক দফায় মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। প্রায় ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুন মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে। এছাড়া এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকলেও বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সমতল সময়-বিশেষে বৃদ্ধি পেতে পারে।

এছাড়া এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩.৫-৫.৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে বলেও দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, সকাল ৯টার মধ্যে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পাশাপাশি বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করছে। ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের একটি বড় অংশের ওপর দিয়ে এখনো মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত।