রোববার দিবাগত রাত ৯টা ৫৩ মিনিটে বাংলাদেশে ৪.৪ মাত্রার এবং মধ্যরাতে ভারত-মিয়ানমার সীমান্ত অঞ্চলে ৩.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জানা যায়, ৩.২ মাত্রার একটি ভূমিকম্প ভারত-মিয়ানমার সীমান্ত অঞ্চলে আঘাত হেনেছে।
ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি রোববার (২৮ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ডে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ২৬.৮৬৭° উত্তর অক্ষাংশ ও ৯৫.২৬৮° পূর্ব দ্রাঘিমাংশে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পের কেন্দ্র ছিলো ভারতের ডিব্রুগড় শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে।
এর আগে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানায়, রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১.৫৬৯° উত্তর অক্ষাংশ ও ৯২.৫৩৯° পূর্ব দ্রাঘিমাংশে এবং এর গভীরতা ছিল ৪৯ কিলোমিটার।
ইএমএসসি-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল চট্টগ্রাম শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।