আষাঢ়ের শেষদিকে এসে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়ছে। রাজধানী ঢাকাসহ দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সেসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। ফলে এসব এলাকার নদী অববাহিকায় চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে ঢাকার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। দেশের বাকি বিভাগগুলোর অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সন্ধ্যায় ৬টা ৫০ মিনিটে সূর্যাস্ত হবে।