দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একই সাথে এসব এলাকার নৌযান ও নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জারি রাখতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (১১ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের একটি বড় অংশের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী— রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই আবহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এই বৈরী আবহাওয়ার কারণে বিজ্ঞপ্তিতে উল্লিখিত অঞ্চলের নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ ১ নম্বর) সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।