আজ কেমন থাকবে আবহাওয়া, যা জানা গেলো

রাজধানী ঢাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি আজও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

রোববারও (১৯ জুলাই) সকালে এক পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, তীব্র গরমের মাঝেই ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার রয়েছে। এছাড়াও ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য (ট্রেস পরিমাণ) বৃষ্টিপাত হয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে।

এদিকে, সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশজুড়ে এই বৃষ্টিপাতের প্রভাবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, যা ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি দিতে পারে।