সাগরে নিম্নচাপ, ৪ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূল, পশ্চিমবঙ্গ উপকূল এবং পাশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৭ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উপকূলীয় এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও এর কাছাকাছি উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এর পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হলে তাকে ভারী বৃষ্টি এবং এর চেয়ে বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।