মধ্যরাতে ৩ ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

মধ্যরাতে দেড় ঘণ্টার ব্যবধানে পর পর ৩টি ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টা থেকে দেড়টার মধ্যে ভারত ও মিয়ানমার সীমান্তে এসব ভূকম্পন সৃষ্টি হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) জানায়, প্রথম ভূমিকম্পটি রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে আঘাত হানে। রিখটার স্কেলে ৪.৯ মাত্রার এ কম্পনে কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রাম কেঁপে ওঠে।

এর ঠিক এক মিনিট পর ভারত-বাংলাদেশ সীমান্তের মিজোরামে ৫.০ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি ঘটে। শক্তিশালী এ কম্পনের প্রভাবে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ একাধিক জেলায় আতঙ্কের সৃষ্টি হয়।

পরবর্তীতে রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলায় ৩.৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি নথিভুক্ত করা হয়। তুলনামূলক মৃদু হলেও এর প্রভাবে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।