পেরুর আন্দিজ পর্বতমালায় চরম প্রতিকূল পরিবেশ ও অতিরিক্ত উচ্চতায় টিকটিকির একটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। দেশটির সান মার্কোস বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ইতিহাস জাদুঘর এ তথ্য নিশ্চিত করেছে।
বিশেষ শারীরিক বৈশিষ্ট্য ও বাহারি রঙের কারণে নতুন আবিষ্কৃত এই প্রজাতিটি গবেষকদের দৃষ্টি কেড়েছে।
পেরুর দক্ষিণ আন্দীয় অঞ্চলের আরেকিপা এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার (১৫ হাজার ৭৫০ ফুট) উঁচু পাহাড়ে এই প্রজাতিটির সন্ধান মেলে। এনডিটিভি জানিয়েছে, বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘লিওলাইমাস আর্কিপেনসিস’। নতুন এই প্রজাতির দৈর্ঘ্য মাত্র ৬ থেকে ৮ সেন্টিমিটার (২ দশমিক ৪ থেকে ৩ দশমিক ২ ইঞ্চি)।
এরা মূলত ছোটখাটো উদ্ভিদ এবং মাকড়সা, গুবরে পোকা ও অন্যান্য পোকামাকড়ের লার্ভা খেয়ে বেঁচে থাকে।
পুরুষ ও স্ত্রী টিকটিকির গায়ের রং ও নকশায় ভিন্নতা দেখা যায়। স্ত্রী টিকটিকির পিঠে বর্গাকার দাগ থাকে। অন্যদিকে, পুরুষের পিঠে থাকে তির্যক দাগ ও সাদা আঁশ। এসব বৈশিষ্ট্য তাদের পাহাড়ি পাথুরে পরিবেশের সঙ্গে মিশে লুকিয়ে থাকতে বা ছদ্মবেশ ধারণ করতে সাহায্য করে।
গবেষণার প্রধান জীববিজ্ঞানী লিং হুয়ামানি-ভালদেররামা জানান, পেরুতে বর্তমানে ২৯৬ প্রজাতির টিকটিকি রয়েছে। নতুন এই প্রজাতির আবিষ্কার দেশটির জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গবেষণাটির তথ্য সুইস বৈজ্ঞানিক সাময়িকী ‘ডাইভারসিটি’-তে প্রকাশিত হয়েছে।