এল-নিনোর প্রভাব: এবার বেশি শীতের পূর্বাভাস

আসন্ন শীত মৌসুমে (ডিসেম্বর ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৭) সামগ্রিকভাবে কম বৃষ্টিপাত এবং বেশি শীতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে এল-নিনোর প্রভাব ফেব্রুয়ারি পর্যন্ত শক্তিশালী থাকতে পারে। এ পরিস্থিতিতে শীত, তাপপ্রবাহসহ বিভিন্ন মৌসুমি দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা।

সোমবার (৯ নভেম্বর) ঢাকায় আয়োজিত ন্যাশনাল ক্লাইমেট অ্যাপ্লিকেশন ফোরামের (এনসিএএফ) শীতকালীন অধিবেশন ২০২৬-এ এসব পূর্বাভাস ও সুপারিশ তুলে ধরা হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) ও রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমের (রাইমস) যৌথ উদ্যোগে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।

যুক্তরাজ্য-বাংলাদেশ হাইড্রোমেটিওরোলজিক্যাল কোলাবোরেশন এবং প্রোটিষ্ঠা কনসোর্টিয়ামের আওতায় আয়োজিত অনুষ্ঠানে সহায়তা দেয় ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা বিভাগ (ইকো) ও যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। অনুষ্ঠানে বিএমডির আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ ২০২৬-২৭ সালের শীত মৌসুমের মৌসুমি ও মাসভিত্তিক জলবায়ুর পূর্বাভাস তুলে ধরেন। তিনি জানান, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি- এই তিন মাসে সামগ্রিকভাবে কম বৃষ্টিপাতসহ বেশি শীতের সম্ভাবনা রয়েছে।

বিএমডির আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান এল-নিনোর পরিস্থিতি ও এর সম্ভাব্য জলবায়ুগত প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি জানান, এল-নিনোর প্রভাব ফেব্রুয়ারি পর্যন্ত শক্তিশালী থাকতে পারে।

এর আগে বিএমডির পরিচালক মো. মমিনুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। তিনি বহুমুখী দুর্যোগ ঝুঁকি নিয়ে নিয়মিত আলোচনার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ফোরামের ভূমিকা তুলে ধরেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (হাইড্রোলজি) ড. মো. সাজ্জাদ হোসেন স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রস্তুতি বাড়াতে আবহাওয়া ও জলবায়ু তথ্য ব্যবস্থার ধারাবাহিক ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। কারিগরি অধিবেশনে বিএমডির আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক ২০২৫ সালের শীত মৌসুমের আবহাওয়া ও পূর্বাভাসের কার্যকারিতা পর্যালোচনা করেন।