জলবায়ু মোকাবিলায় বাংলাদেশ পাচ্ছে ৭৮৪ কোটি টাকা

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান পেয়েছে বাংলাদেশ। দুটি আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে পাওয়া এই অর্থের পরিমাণ ভবিষ্যতে বেড়ে ১ হাজার ৫৮ কোটি টাকায় দাঁড়াতে পারে।

রোববার (২২ নভেম্বর) দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

তিনি জানান, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো অনুদান নিশ্চিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ দুই তহবিলের অর্থের পরিমাণ যথাক্রমে প্রায় ৩৭৪ কোটি ও ৪১০ কোটি টাকা।

তবে গ্লোবাল শিল্ডের কর্মসূচির প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়ন করতে পারলে আরও ২ কোটি ইউরো বা প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে দুই উৎস থেকে বাংলাদেশের মোট অনুদান দাঁড়াবে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকা।
ড. সাইমুম পারভেজ বলেন, এই অর্থ সম্পূর্ণ অনুদান হিসেবে দেওয়া হচ্ছে। ফলে বাংলাদেশকে এ অর্থ ফেরত দিতে হবে না।

সিআইএফের অর্থ সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। অন্যদিকে, গ্লোবাল শিল্ডের অর্থ জলবায়ু বীমা এবং জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সহায়তা করতে ব্যবহার করা হবে। পুরো কার্যক্রমের তদারকিতে থাকবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈশ্বিক জলবায়ু তহবিলের অন্তত অর্ধেক অভিযোজন কার্যক্রমে ব্যয়ের দাবি জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগে অর্থায়ন বাড়ানোর কথাও তুলে ধরা হয়েছে।

বিশেষ সহকারীর মতে, উন্নয়নশীল দেশগুলোর জন্য ঋণনির্ভর জলবায়ু অর্থায়ন বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। তাই বাংলাদেশসহ গ্লোবাল সাউথের দেশগুলো অনুদানভিত্তিক সহায়তা বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে। ঋণ প্রয়োজন হলে তা সহজ শর্তে দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ দফা দাবি উপস্থাপনকেও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। জানান, প্রধানমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের জাতীয় বক্তব্য তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। পরবর্তী সময়ে প্রতিনিধি দলের সদস্যরা এসব দাবির পক্ষে আলোচনা চালিয়ে যান।

সম্মেলনের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও চূড়ান্ত আলোচনা অব্যাহত ছিল। শেষ পর্যায়ের দরকষাকষিতে বাংলাদেশ গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে সক্রিয় ভূমিকা রাখে।

এ ছাড়া ম্যানগ্রোভ বন সংরক্ষণ ও পুনরুদ্ধারের বিষয়েও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রী পর্যায়ের বৈঠকে দেশের প্রতিনিধিত্ব করে ড. সাইমুম জানান, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে ম্যানগ্রোভ বন সংরক্ষণ, সম্প্রসারণ এবং এর ওপর নির্ভরশীল মানুষের জীবনমান উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, কার্বন ক্রেডিট বিক্রির মাধ্যমে রাজস্ব আয়ের সম্ভাবনা নিয়েও সম্মেলনে আলোচনা করেছে বাংলাদেশের প্রতিনিধি দল। এ লক্ষ্যে বিভিন্ন দেশের প্রতিনিধি, গোল্ড স্ট্যান্ডার্ড এবং গ্লোবাল কার্বন কাউন্সিলের সঙ্গে বৈঠক হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজ গত সাত-আট মাস ধরে চলছিল বলে জানান তিনি। আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশেষ সহকারী।

সূত্র: বাসস