প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ তৈরি করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রজাপতি মেলা-২০২৬। শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করবে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা।
প্রজাপতি সংরক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করা এবং প্রকৃতি রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য। মেলায় দর্শনার্থীরা প্রজাপতির জীবনচক্র, পরিবেশে এদের ভূমিকা এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানার সুযোগ পাবেন।
প্রজাপতি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৬ পাচ্ছেন অধ্যাপক ড. আইনুন নিশাত। এ ছাড়া বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট-২০২৬ পুরস্কার পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাবিলা জামান।
এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে লার্ভাল হোস্ট প্ল্যান্টস অব বাটারফ্লাইজ ইন বাংলাদেশ শীর্ষক প্রদর্শনী। এতে ৫০টি প্রজাতির প্রজাপতির লার্ভার ছবি, পোষক উদ্ভিদের বিবরণ, পূর্ণাঙ্গ প্রজাপতির নমুনা এবং গবেষণাভিত্তিক নানা তথ্য তুলে ধরা হবে। এ ছাড়া প্রজাপতি পালন, বাগান ও গবেষণাকেন্দ্র ঘিরেও দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ আয়োজন।
মেলায় দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উদ্বোধন, পুরস্কার প্রদান ও বর্ণিল প্রজাপতি উন্মোচন করা হবে। এরপর সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত র্যালি, পাপেট শো ও প্রজাপতির অরিগামি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা এবং সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল ১১টা থেকে দিনব্যাপী চলবে আলোকচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রজাপতির হাট।
সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো হবে। বিরতির পর দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বারোয়ারি বিতর্ক ও প্রজাপতি চেনা প্রতিযোগিতা। দুপুর ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রজাপতিবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার পর্দা নামবে।
মেলার প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণের ক্ষেত্রে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতায় দুটি গ্রুপ রাখা হয়েছে। ‘ক’ গ্রুপে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি এবং ‘খ’ গ্রুপে চতুর্থ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। সব শিশু-কিশোরের জন্য কুইজ প্রতিযোগিতা উন্মুক্ত থাকবে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত বারোয়ারি বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে নগরায়ণ ও প্রজাপতি সংরক্ষণ। এ প্রতিযোগিতায় নিবন্ধন চলবে মেলার দিন দুপুর ১২টা পর্যন্ত। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রজাপতি চেনা প্রতিযোগিতায় প্রতিটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ দুটি দল অংশ নিতে পারবে। ছবি আঁকা, কুইজ ও প্রজাপতি চেনা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে সম্পন্ন করতে হবে।
মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন জানান, প্রজাপতি সংরক্ষণ ও প্রকৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।