৭০০ চাকরির সুযোগ

জাকসুর জব ফেয়ার ১১ সেপ্টেম্বর

দেশের শীর্ষস্থানীয় ২৫টিরও বেশি করপোরেট প্রতিষ্ঠানে ৭০০টির বেশি চাকরির সুযোগ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’। ১১ সেপ্টেম্বর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এটি অনুষ্ঠিত হবে। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে আয়োজিত এ জব ফেয়ারে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়ে চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রাণ-আরএফএল, ওয়ালটন, একমি, নেসক্যাফে, পোলার ও ইফাদসহ বিভিন্ন খাতের ২৫টিরও বেশি প্রতিষ্ঠান এ আয়োজনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোতে ৭০০টির বেশি পদে নিয়োগের সুযোগ রয়েছে। জব ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বুথে সরাসরি সিভি জমা দিতে পারবেন। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় বিবেচনায় নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে।

এ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ‘ব্র্যাক ক্যারিয়ার হাব’। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ‘নিউজিল্যান্ড ডেইরি’ ও ‘এভারেস্ট ফার্মা’। এছাড়া স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করছে ‘ব্রিলিয়ান্স রেড চিলি’।

জব ফেয়ারের পাশাপাশি অনুষ্ঠিত হবে ক্যারিয়ার সামিট। এতে ইউনিসেফের রিসোর্স পারসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের করপোরেট প্রতিনিধিরা শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করবেন। সেশনগুলোতে কার্যকর জীবনবৃত্তান্ত তৈরির কৌশল, চাকরির সাক্ষাৎকারে নিজেকে উপস্থাপনের পদ্ধতি এবং করপোরেট চাকরির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও দক্ষতা নিয়ে আলোচনা করা হবে। শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রয়োজনীয় বাস্তবভিত্তিক ধারণা ও করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হবে।

আয়োজকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি এবং দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।

আয়োজনটির আহ্বায়ক ও জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সময় প্রয়োজনীয় দক্ষতার অভাবে কাঙ্ক্ষিত চাকরির সুযোগ থেকে পিছিয়ে পড়েন। সেই লক্ষ্য থেকেই জাকসু আয়োজন করতে যাচ্ছে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’।