দীর্ঘ ১৯ বছর পর চাকরি ফিরে পেয়ে কর্মস্থলে ফিরছেন পুলিশের ২৪৬ কর্মকর্তা। ২০০৭ সালে চাকরিচ্যুত হওয়ার পর দীর্ঘ আইনি লড়াই শেষে তারা চাকরি ফিরে পান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ছয় মাসের প্রশিক্ষণ শেষে তারা দেশের বিভিন্ন কর্মস্থলের উদ্দেশে রওনা হন।
প্রশিক্ষণ শেষে পুলিশ অ্যাকাডেমিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর আবার পুলিশের পোশাক পরে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কর্মকর্তারা। এসআই জাহাঙ্গীর আলম, এসআই আব্দুল মালেক, এসআই জাকের হোসেন, এসআই ফারুক হোসেন ও এসআই দীপসহ কয়েকজন কর্মকর্তা বলেন, দীর্ঘ ১৯ বছর পরিবার-পরিজন নিয়ে সীমাহীন কষ্ট, অনিশ্চয়তা ও সামাজিক লাঞ্ছনার মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, দীর্ঘ প্রশাসনিক ও আইনি লড়াইয়ের পর তারা চাকরি ফিরে পেয়েছেন। ছয় মাসের কঠোর ও আধুনিক প্রশিক্ষণ তাদের নতুন করে উদ্দীপনা ও সক্ষমতা জুগিয়েছে। অতীতের তিক্ততা ভুলে দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় পেশাদারত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করাই এখন তাদের লক্ষ্য।
উল্লেখ্য, ২০০৬ সালে নিয়োগ পাওয়া ২৭তম ব্যাচের ১২০ জন সার্জেন্ট এবং ৪৩তম ব্যাচের ২০৭ জন সাব-ইন্সপেক্টরকে ২০০৭ সালের ১৬ মার্চ চাকরিচ্যুত করা হয়। পরে দীর্ঘ ১৯ বছরের আইনি লড়াই শেষে তারা চাকরি ফিরে পান।