মাত্র দুই দিনের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ। আর সেই সনদ হাতে পাওয়ার অপেক্ষায় চাকরি দিতে প্রস্তুত বিভিন্ন প্রতিষ্ঠান। এসব চাকরির কোনো কোনোটিতে বছরে বেতন মিলতে পারে এক লাখ ডলারেরও বেশি। যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অবকাঠামো সম্প্রসারণের সঙ্গে তৈরি হচ্ছে এমনই নতুন কর্মসংস্থানের সুযোগ।
ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনার জন্য প্রয়োজন দক্ষ কর্মী। সার্ভার র্যাক, শীতলীকরণ ব্যবস্থা, বৈদ্যুতিক সরঞ্জাম এবং ফাইবার অপটিক কেবল স্থাপনসহ নানা কাজে প্রযুক্তিগত দক্ষতা দরকার। কিন্তু এআই অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগ হলেও যুক্তরাষ্ট্রে প্রয়োজনীয় দক্ষ কর্মীর সংকট রয়েছে। এ কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দ্রুত কর্মী তৈরি ও নিয়োগের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করছে।
অ্যামাজন, গুগল, মেটা ও মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন অলাভজনক সংস্থা ও অনলাইন প্রশিক্ষণ প্রতিষ্ঠান এসব কর্মসূচি পরিচালনা করছে। অধিকাংশ প্রশিক্ষণ বিনা মূল্যে দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে প্রশিক্ষণ চলাকালে ভাতাও দেওয়া হচ্ছে। কাজের ধরন অনুযায়ী প্রশিক্ষণের মেয়াদ দুই দিন থেকে ১৫ সপ্তাহ পর্যন্ত হতে পারে।
এসব প্রশিক্ষণ শেষে ডেটা সেন্টারে কাজের সুযোগ পাচ্ছেন অনেকেই। কোনো কোনো পদে বেতন ছয় অঙ্কের ডলার ছাড়িয়ে যাচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রের অনেক মানুষই জানেন না, এ ধরনের চাকরির সুযোগ রয়েছে।
শুক্রবার সনদ, সোমবার চাকরির প্রশিক্ষণ
ভিডিও গেম ডিজাইন নিয়ে পড়াশোনা করেছিলেন জাভনটে হিল। বয়স ত্রিশের কোঠায়। নতুন পেশায় কাজ করতে চাইলেও কোথা থেকে শুরু করবেন, তা বুঝতে পারছিলেন না।
একদিন তাঁর বান্ধবী মেটার চালু করা ‘আমেরিকা’স ওয়ার্কফোর্স একাডেমি’ নামের একটি প্রশিক্ষণ কর্মসূচির বিজ্ঞাপন দেখেন। গত আগস্টে চালু হওয়া এই কর্মসূচির উদ্দেশ্য ডেটা সেন্টার খাতে দক্ষ কর্মীর সংকট কমানো। এতে চার সপ্তাহের প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের অর্থ দেওয়ার পাশাপাশি সনদ পাওয়ার পর ডেটা সেন্টারে চাকরির ব্যবস্থা করার নিশ্চয়তাও দেওয়া হয়েছিল।
হিল প্রশিক্ষণে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। এক মাস ধরে ৩০ জনের একটি শ্রেণিতে তাঁকে তাত্ত্বিক পাঠের পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ফাইবার অপটিক ও তামার তার কীভাবে স্থাপন ও সংযোগ করতে হয়, তারের ইনসুলেটরের বিভিন্ন রঙ কী নির্দেশ করে—এসব বিষয়ে শেখেন তিনি।
নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে এত অল্প সময়ে শেখা বিষয়গুলো মনে রাখতে পারবেন কি না, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন হিল।
তিনি বলেন, শুক্রবার তাঁদের সমাবর্তন অনুষ্ঠান হয়। পরের সোমবারই তিনি চাকরির পরিচিতিমূলক প্রশিক্ষণে যোগ দেন।
সিবিআরই গ্রুপের সঙ্গে অংশীদারত্বে মেটার ফাইবার টেকনিশিয়ান প্রশিক্ষণ কর্মসূচি থেকে সনদ পান হিল। এ ছাড়া মেটা নির্মাণশিল্পের সংগঠন অ্যাসোসিয়েটেড বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টরসের (এবিসি) সঙ্গেও কাজ করছে। সংগঠনটি কয়েক দশক ধরে নির্মাণশ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে আসছে।
প্রচলিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষানবিশ কর্মসূচির মতো এসব দ্রুতগতির প্রশিক্ষণ কর্মসূচি সব বিষয়ে বিস্তারিত শিক্ষা দেওয়ার জন্য তৈরি হয়নি। বরং যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক মানুষকে ডেটা সেন্টারের কাজে নিয়োগের উপযোগী করে তোলাই এর লক্ষ্য।
এবিসির নিরাপত্তা ও কর্মী উন্নয়ন বিভাগের প্রধান জোয়েল থেমস বলেন, বিষয়টি অনেকটা সামরিক বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণের মতো। প্রাথমিক প্রশিক্ষণ কাউকে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত করে না। তবে কর্মক্ষেত্রে যাওয়ার আগে প্রয়োজনীয় মৌলিক জ্ঞান ও দক্ষতা তৈরি করে দেয়।
হিল জানান, চাকরিতে যোগ দিয়ে তিনি বুঝতে পারেন, তাঁর উদ্বেগের তেমন কারণ ছিল না। বরং ওহাইওর কর্মস্থলে গিয়ে নিজেকে প্রত্যাশার চেয়েও বেশি প্রস্তুত মনে হয়েছে। নতুন পেশা নিয়ে তিনি সন্তুষ্ট। তাঁর ভাষায়, বাকি জীবনও তিনি এ কাজ করতে পারবেন। মেটার প্রতি তাঁর আনুগত্যও তৈরি হয়েছে।
দক্ষ কর্মীর সংকটে থমকে যাচ্ছে ডেটা সেন্টার নির্মাণ
ডেটা সেন্টার নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্রে জনমত ও রাজনৈতিক বিতর্ক থাকলেও এ খাতে বিনিয়োগ ও নির্মাণকাজ দ্রুত বাড়ছে। এআই অবকাঠামো খাতে ভবিষ্যতেও বছরে প্রায় এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ হতে পারে বলে ধারণা করছেন কলাম্বিয়া বিজনেস স্কুলের অর্থনীতিবিদ স্টেইন ভ্যান নিউয়েনবার্গ।
তবে ডেটা সেন্টার নির্মাণে জমি, নির্মাণ অনুমতি, বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা, নির্মাণসামগ্রী ও অর্থায়নের মতো নানা বাধা রয়েছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সামনেও এখন বড় চ্যালেঞ্জ দক্ষ কর্মীর অভাব। বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় ডেটা সেন্টার নির্মাণের জন্য উপযুক্ত কর্মী পাওয়া কঠিন হয়ে পড়েছে।
পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসি মনে করছে, ডেটা সেন্টার নির্মাণের লক্ষ্যমাত্রা পূরণে যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ প্রকৌশলীর ঘাটতি রয়েছে। প্রয়োজনীয় দক্ষ কর্মী সংগ্রহ করতে না পারায় অনেক প্রস্তুত প্রকল্পের কাজও কয়েক মাস পিছিয়ে যাচ্ছে।
গোল্ডম্যান স্যাকসের হিসাব অনুযায়ী, এখন থেকে ২০২৮ সাল পর্যন্ত চালু হওয়ার কথা থাকা এআই কম্পিউটিং সক্ষমতার মাত্র অর্ধেক নির্ধারিত সময়ে চালু হতে পারে।
এই বিলম্বের আর্থিক ক্ষতিও অনেক বেশি। আইন প্রতিষ্ঠান কুলি-এর অবকাঠামো, জ্বালানি ও আবাসনবিষয়ক বিভাগের সহপ্রধান মোনা দাজানি বলেন, একটি বড় এআই ডেটা সেন্টারের নির্মাণকাজ এক মাস পিছিয়ে গেলে স্থান, প্রকল্পের আকার ও চুক্তির শর্ত অনুযায়ী কয়েক কোটি ডলার থেকে ১০ কোটিরও বেশি ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে।
এ পরিস্থিতিতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি কারিগরি শিক্ষা বা শিক্ষানবিশ কর্মসূচির পরিবর্তে দ্রুত ও নিবিড় প্রশিক্ষণের দিকে ঝুঁকছে। এসব কর্মসূচির বেশির ভাগই বিনা মূল্যে পরিচালিত হচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান প্রশিক্ষণ নেওয়ার জন্য শিক্ষার্থীদের অর্থও দিচ্ছে। প্রশিক্ষণ শেষে ভালো ফল করা ব্যক্তিদের সনদ পাওয়ার পরপরই চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে।
‘হারানোর কিছু ছিল না’, প্রশিক্ষণ থেকে নতুন পেশায়
মিসিসিপির ক্যান্টন এলাকায় বিভিন্ন নির্মাণকাজে যুক্ত ছিলেন রবার্ট বার্জেস। স্বল্প ভোল্টেজের বৈদ্যুতিক কাজ সম্পর্কে তাঁর কিছু অভিজ্ঞতা ছিল। তবে টেলিযোগাযোগ বা ডেটা সেন্টারে ফাইবার কেবলের কাজ করলে আরও বেশি আয় করা সম্ভব—এমন কথা শুনেছিলেন তিনি।
একদিন গুগলে ‘ইন্টারনেট ফাইবার ট্রেনিং মিসিসিপি’ লিখে খোঁজ করেন। স্থানীয় একটি কমিউনিটি কলেজে অ্যামাজনের চার সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচি ‘আইটুপি’ (ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার প্রি-অ্যাপ্রেন্টিসশিপ) সম্পর্কে জানতে পারেন। আবেদন করে নির্বাচিতও হন।
বার্জেস বলেন, তাঁর হারানোর কিছু ছিল না। ইমেইল ঠিকানা দিয়ে আবেদন করেছিলেন এবং প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।
প্রশিক্ষণে তিনি বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ, সার্ভার স্থাপন এবং ডেটা সেন্টারের কার্যক্রম সম্পর্কে শেখেন। হাতে-কলমে কাজের অভিজ্ঞতা দিতে অ্যামাজনের প্রশিক্ষকেরা একটি নমুনা ডেটা সেন্টার তৈরি করেছিলেন। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন কাজ অনুশীলন করেন।
প্রশিক্ষণ শেষে চাকরির মেলার আয়োজন করা হয়। সেখান থেকে বার্জেস ইয়েটস কনস্ট্রাকশন ও টার্নার কনস্ট্রাকশন নামের দুটি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পান। প্রতিষ্ঠান দুটি ওই এলাকায় একটি ডেটা সেন্টারের নির্মাণকাজের শেষ পর্যায়ে যৌথভাবে কাজ করছিল।
ঘটনাটি ২০২৪ সালের। বর্তমানে বার্জেস আরেকটি ডেটা সেন্টার নির্মাণ প্রকল্পে সহকারী সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ না নিলে এমন পেশায় আসার সুযোগ সম্পর্কে তিনি জানতেই পারতেন না বলে জানান।
বার্জেসের অভিজ্ঞতা দক্ষ কর্মীর সংকটের পাশাপাশি আরেকটি সমস্যাও সামনে এনেছে। তা হলো, এসব উচ্চ বেতনের চাকরির সুযোগ সম্পর্কে অনেকেরই ধারণা নেই।
অ্যামাজনের অর্থনৈতিক উন্নয়নবিষয়ক ভাইস প্রেসিডেন্ট রজার ওয়েনার বলেন, মানুষ ফর্কলিফট চালানোর কাজ সম্পর্কে জানে বলেই এ পেশায় আসে। কিন্তু এমন অনেক কাজ রয়েছে, যেগুলোর চাহিদা অত্যন্ত বেশি এবং আয়ও ভালো। অথচ মানুষ সেসব কাজের অস্তিত্ব সম্পর্কেই জানে না।
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বিকল্প নয় এসব প্রশিক্ষণ
প্রশিক্ষণ কর্মসূচিগুলোকে প্রচলিত কারিগরি শিক্ষার বিকল্প হিসেবে তৈরি করা হয়নি। অ্যামাজনের কর্মকর্তা ওয়েনার বলেন, ৩০ জনের একটি শ্রেণি দিয়ে বিশ্বের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। কমিউনিটি কলেজের কাজের পুনরাবৃত্তি করাও তাঁদের উদ্দেশ্য নয়। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আধুনিক প্রযুক্তি ও অর্থায়ন দিতে পারে, আর কমিউনিটি কলেজগুলো দিতে পারে দক্ষ শিক্ষক।
তবে কিছু প্রশিক্ষণ প্রতিষ্ঠান মনে করে, প্রচলিত শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার তুলনায় তাদের কর্মসূচিতে বাড়তি সুবিধা রয়েছে। অনলাইন প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইন্টারপ্লে লার্নিংয়ের প্রধান নির্বাহী ডগ ডোনোভান দেখেছেন, সামরিক বাহিনী, চিকিৎসা ও বিমান চলাচল খাতে ভার্চ্যুয়াল ও অগমেন্টেড রিয়েলিটির মতো প্রযুক্তি ব্যবহার করা হয়। কিন্তু কারিগরি পেশায় এর ব্যবহার তুলনামূলক কম।
এ কারণে তাঁর প্রতিষ্ঠান প্রচলিত পাঠদানের সঙ্গে অগমেন্টেড ও ভার্চ্যুয়াল রিয়েলিটি প্রযুক্তি যুক্ত করে প্রশিক্ষণ দিচ্ছে।
অন্যদিকে, অলাভজনক প্রতিষ্ঠান পার স্কোলাস ১৫ সপ্তাহের নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষেত্রের বাস্তব পরিবেশের কাছাকাছি অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ক্যাটলিন ব্রাজিল বলেন, নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে এমন প্রশিক্ষণ তৈরি করা হয়, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে যে পরিবেশে কাজ করবেন, তার সঙ্গে পরিচিত হতে পারেন।
ক্যালিফোর্নিয়ার রিজক্রেস্টের সাবেক হেয়ার স্টাইলিস্ট জানে রামসের অভিজ্ঞতাও এর উদাহরণ। ১৫ সপ্তাহের প্রশিক্ষণ শেষে তিনি এখন আটলান্টার বাইরে গুগলের একটি ডেটা সেন্টারে টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন।
রামসে জানান, প্রশিক্ষণটি ছিল বেশ কঠিন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস, বাড়ির কাজ, তাত্ত্বিক পাঠ এবং হাতে-কলমে অনুশীলন করতে হতো। পড়াশোনার পাশাপাশি খরচ চালাতে তিনি চুল কাটার কাজও করতেন। পার স্কোলাসের প্রশিক্ষণ বিনা মূল্যে হলেও তাঁর আয়ের অন্য কোনো উৎস ছিল না।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ব্রাজিল বলেন, প্রশিক্ষণের পাশাপাশি কাজ করা শিক্ষার্থীদের জন্য আদর্শ নয়। তবে তাঁদের প্রায় এক-চতুর্থাংশ শিক্ষার্থী পড়াশোনার খরচ চালাতে রাতে ও ছুটির দিনে কাজ করেন। শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠানটি বিনা মূল্যে আর্থিক পরামর্শ দেয়। পাশাপাশি গুগলের ১০ কোটি ডলারের বিনিয়োগ থেকে অর্থায়ন করা তিন হাজার ডলারের সুদমুক্ত ঋণও দেওয়া হয়।
মাত্র দুই দিনের প্রশিক্ষণেও চাকরি
সব প্রশিক্ষণ কর্মসূচি দীর্ঘ বা কঠিন নয়। অ্যামাজন ফাইবার স্প্লাইসার বা ফাইবার কেবল সংযোগকারীদের জন্য মাত্র দুই দিনের প্রশিক্ষণ দেয়। প্রতিষ্ঠানটির কর্মকর্তা ওয়েনারের মতে, ডেটা সেন্টারে এই পদে কর্মী খুঁজে পাওয়াই সবচেয়ে কঠিন।
ফাইবার স্প্লাইসিংয়ের কাজে অসংখ্য সূক্ষ্ম তারের সঙ্গে অন্য একটি কেবলের তার যুক্ত করতে হয়। প্রতিটি তারের সঠিক সংযোগ খুঁজে বের করে পরিষ্কার করতে হয়। এরপর নির্দিষ্ট প্রক্রিয়ায় একসঙ্গে ১২টি পর্যন্ত তার জোড়া লাগানো, পরীক্ষা করা এবং নিরাপদভাবে স্থাপন করতে হয়।
কাজটি খুব জটিল না হলেও অত্যন্ত নিখুঁতভাবে এবং বারবার একই প্রক্রিয়া অনুসরণ করে করতে হয়। এ জন্য কর্মীর বিশেষ মনোযোগ ও কাজের উপযোগী মানসিক দক্ষতা প্রয়োজন।
দুই দিনের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা কাজে যোগ দেওয়ার মতো প্রস্তুতি পান। ব্যবহারিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া প্রশিক্ষণার্থীদের দ্রুত নিয়োগ দেওয়া হয়। ডেটা সেন্টারে এ ধরনের প্রাথমিক পর্যায়ের কর্মীরা ঘণ্টায় সর্বোচ্চ ৩২ ডলার পর্যন্ত বেতন পেতে পারেন। এর সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত কাজের সুযোগ থাকায় তাঁদের বার্ষিক আয় প্রায় এক লাখ ডলারে পৌঁছাতে পারে।
অ্যামাজনের কর্মকর্তা ওয়েনারের ভাষায়, প্রতিষ্ঠানগুলো কর্মীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সহায়তা করছে, আর কর্মীরা পাচ্ছেন তুলনামূলক ভালো চাকরির সুযোগ। এটাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
সূত্র: সিএনএন