সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

বিটিভিকে জনদায়বদ্ধ গণমাধ্যম করার তাগিদ

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) কোনো বাণিজ্যিক চ্যানেলের মতো না চালিয়ে রাষ্ট্র ও জনগণের প্রতি জবাবদিহিমূলক মাধ্যম হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংস্থাটিকে সংবাদের গুরুত্ব বুঝে তথ্য পরিবেশন এবং গণমানুষের গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিটিভির সংবাদ প্রচার ও অনুষ্ঠানমালার সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, গত ১৭ বছরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে যেসব কর্মকর্তাকে অনৈতিকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে কিংবা পদোন্নতি বঞ্চিত করা হয়েছে, তাদের নাম ও পদবিসহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। একই সাথে ঐ সময়ে বাতিল হওয়া অনুষ্ঠানসমূহের তালিকাও পরবর্তী বৈঠকে জমার নির্দেশ দেওয়া হয়েছে।

সংসদীয় কমিটি জাতীয় ইতিহাস সংরক্ষণের ওপর বিশেষ জোর দিয়েছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাধ্যমে মুক্তিযুদ্ধের পাশাপাশি নব্বইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক 'জুলাই গণঅভ্যুত্থানের' সত্য ইতিহাস প্রামাণ্য দলিলে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

কমিটির পক্ষ থেকে বিটিভি এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গোৎসব যেন হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্য এবং তথ্য মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।