ডিসেম্বর ঘিরে গভীর ষড়যন্ত্রের পরিকল্পনা করছে আ. লীগ: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। তার দাবি, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্রের পরিকল্পনা রয়েছে দলটির। এ পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলায় বিএনপিসহ গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন রাশেদ খাঁন। স্ট্যাটাসে গাজীপুরে পুলিশের তিনটি গাড়িতে আগুন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, বিভিন্ন স্থানে বাস ও গার্মেন্টসশিল্প প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এসব কর্মকাণ্ডকে প্রকৃত অর্থে শ্রমিক আন্দোলন বলা যায় কি-না।

শ্রমিক আন্দোলনের মধ্যে বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকা নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় জামায়াতে ইসলামী ও এনসিপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা উচিত। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগপন্থী গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকেরা শ্রমিকদের উসকানি দিয়ে মাঠে নামিয়েছেন। এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রের উদ্দেশ্য আরেকটি ১/১১ পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। জামায়াত ও এনসিপির উদ্দেশে তিনি বলেন, উসকানি না দিয়ে দেশ রক্ষায় মাঠে নামতে হবে। একই সঙ্গে ডিসেম্বরকে কেন্দ্র করে পতিত শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় বাংলাদেশপন্থী শক্তিগুলোকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

রাজপথ ছেড়ে দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, রাজপথ কখনো শূন্য থাকে না; কেউ না কেউ সেই জায়গা দখল করে নেয়। বিএনপি রাজপথে সক্রিয় না থাকলে ষড়যন্ত্রকারীরা সেই সুযোগ নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। স্ট্যাটাসের শেষাংশে সাধারণ শ্রমিকদের আওয়ামী লীগের পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান রাশেদ খাঁন। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে উল্লেখ করেন তিনি।