গাজীপুরে সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ 

 ‘তোর হাত ভেঙে ফেলব, আমার বুকের উপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়া আসা করস গাড়িসহ আগুনে জ্বালিয়ে দিব। এলাকা ছাড়া করব।’ এভাবেই হুমকি ও অকথ্য ভাষায় গালাগাল করে বার্তা২৪.কমের গাজীপুর প্রতিনিধি আশিকুর রহমান ও তার পরিবারের সদস্যদের হুমকি প্রদান করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার স্থানীয় এক ভূমিদস্যু। 

এ ঘটনায় নিরাপত্তা হীনতায় ভুগছেন ভুক্তভোগী ওই সাংবাদিক ও তার পরিবার। এ ঘটনার পর থানায় লিখতে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান। 

অভিযুক্তের নাম বিপ্লব হোসেন। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বড়ইবাড়ী এলাকার বাসিন্দা কলিম উদ্দিনের ছেলে। 
 
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের আষাড়িয়াবাড়ী এলাকায় একটি ইট ভাটায় প্রতিবন্ধকতা সৃষ্টি, চাঁদা দাবি, রাস্তা আটকে দেয়াসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিলেন তিনি। এসব ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সাংবাদিক আশিকুর রহমানকে একাধিকবার বিভিন্ন প্রলোভন দেখান অভিযুক্ত বিপ্লব। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রাম্য সিদ্ধান্তের পক্ষে থাকায় সাংবাদিক পরিবারের উপর ক্ষুব্ধ হন কথিত ওই নেতা৷ 

এ ঘটনার জেরে গত বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সফিপুর-বড়ইবাড়ী সড়কের বাশতলী এলাকায় এসে আশিকুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান তুরাগ এন্টারপ্রাইজের সামনে গিয়ে তার বাবাকে প্রকাশ্য অকথ্য ভাষায় গালাগাল করে প্রাণনাশের হুমকি দেয়। এর কিছুক্ষণ পর আশিকুর রহমান পেশাগত কাজ শেষে নিজ প্রাইভেটকারে বাড়ি ফেরার পথে অভিযুক্ত বিপ্লবের সাথে দেখা হলে সে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে।  এক পর্যায়ে সাংবাদিক আশিকুর রহমানের দুই হাত ভেঙে দেয়া ও তাকেসহ তার ব্যবহৃত গাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দেয় অভিযুক্ত নেতা বিপ্লব। 

এ ব্যাপারে অভিযুক্ত বিপ্লবের মুঠোফোনে কল করলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে । 

এদিকে আশিকুর রহমানকে দেয়া হুমকির খবরে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় প্রেসক্লাবসহ সকল সাংবাদিকবৃন্দ। 

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জোবায়ের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান।