পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনি জটিলতার জেরে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে কমিশন শুক্রবার (৯ জানুয়ারি) এই সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতেই এই দুই আসনের নির্বাচনি কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন। হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছিল ইসি। ওই গেজেটে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।

ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন। গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে ইসির ওই গেজেটকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে পূর্বের সীমানা বহাল করে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেন।

হাইকোর্টের নির্দেশে গত ২৪ ডিসেম্বর ইসি পুনরায় সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বেড়া উপজেলার একাংশকে পাবনা-১ আসনের সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু আপিল বিভাগ এই সংশোধিত বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেওয়ায় পুরো নির্বাচনি প্রক্রিয়া আইনগতভাবে আটকে যায়। ফলে ইসি আজ আনুষ্ঠানিকভাবে এই দুই আসনে ভোটগ্রহণ স্থগিতের কথা জানায়।

উল্লেখ্য, পাবনা-১ ও ২ আসনের সীমানা নিয়ে দীর্ঘদিনের এই টানাপোড়েন এখন চূড়ান্ত আইনি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।