আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নাগরিকদের জন্য বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে। এখন থেকে ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩-এ কল করে নির্বাচন সংক্রান্ত সঠিক, নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন ও এটুআই-এর সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
যেকোনো মোবাইল অপারেটর থেকে টোলফ্রি নম্বর ৩৩৩-এ কল করে ৯ প্রেস করলেই নাগরিকরা নির্বাচন সংক্রান্ত কাঙ্ক্ষিত সেবা পাবেন।
এই সেবার মাধ্যমে ভোটাররা ভোট প্রদানের নিয়ম ও পদ্ধতি, নিজের ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র (NID) সংক্রান্ত তথ্য এবং নির্বাচনি আচরণবিধি সম্পর্কে জানতে পারবেন। এছাড়া প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট, নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধী ভোটারদের বিশেষ সুবিধা এবং জরুরি যোগাযোগ নম্বর সম্পর্কেও তথ্য দেওয়া হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের ‘Smart Election Management BD’ এবং ‘Postal Vote BD’ অ্যাপ ব্যবহারের পদ্ধতিও জানা যাবে এখান থেকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩৩ নম্বরটি কেবল তথ্যের জন্যই নয়, বরং এটি একটি ‘আলি ওয়ার্নিং সিস্টেম’ হিসেবেও কাজ করবে। নির্বাচনি এলাকায় কোনো অস্থিরতা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে নাগরিকরা এখানে তথ্য দিতে পারবেন, যা দ্রুত ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। গত ১৬ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই সেবার মাধ্যমে ইতোমধ্যে ১,৬৪৩ জন নাগরিক সহায়তা গ্রহণ করেছেন।